সিলেটে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ভ্রমণ ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যেই এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা প্রদানের কার্যক্রম সচল রয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় অনিরুদ্ধ দাস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে দীর্ঘদিনের সংযোগ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা একসঙ্গে কাজ করতে চাই এবং এই সম্পর্ক জনগণের ওপর ভিত্তি করেই আরও শক্তিশালী হবে।
তিনি উল্লেখ করেন, দুই দেশের জনগণই একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনিরুদ্ধ দাস সাংবাদিকদের ভূমিকার কথাও স্মরণ করান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে। একই সঙ্গে তিনি দুই দেশের সম্পর্ক জোরদার করার জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির বিনিময় এবং কানেক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
এছাড়া তারা ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ ও ‘এলওসি’ প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান। বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেন এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরও সুদৃঢ় করার গুরুত্ব তুলে ধরেন।
সভায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার শাখার সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
































