বাবার ‘চেয়ার’ পেয়ে আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

বাবার ‘চেয়ার’ পেয়ে আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে দপ্তরে গিয়ে এক আবেগময় বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি অতীতের স্মৃতিচারণা করেন এবং বাবার কথা গভীরভাবে তুলে ধরেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আজ তার মন্ত্রণালয়ে প্রথম দিন।

দীর্ঘ ৩৩ বছর আগে যে কক্ষে বসে তার বাবা দেশের সেবা করেছিলেন, আজ তিনি সেই একই কক্ষে বসে দেশের জন্য কাজ শুরু করতে যাচ্ছেন—এ অনুভূতি তার জন্য অত্যন্ত আবেগঘন।

একটি ছবিসহ দেওয়া পোস্টে তিনি লেখেন, দিন বা রাত—এমন কোনো সময় নেই যখন তার বাবা তার সঙ্গে নেই। অফিসে বসে পাশের বোর্ডে থাকা ৬ নম্বর তালিকায় বাবার নামের দিকে যতবার চোখ গেছে, ততবারই মনে হয়েছে বাবা যেন তাকে বলছেন—তিনি তার অপেক্ষায় ছিলেন।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে দায়িত্ব পাওয়া অন্তত সাতজন প্রতিমন্ত্রী তাদের বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন। তাদের মধ্যে অন্যতম নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন। তিনি প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল-এর কন্যা।

ফজলুর রহমান পটল ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে ১৯৯৩ সালে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দলের চেয়ারপার্সনের উপদেষ্টা থাকা অবস্থায় ২০১৬ সালের ১১ আগস্ট তিনি ইন্তেকাল করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার সেই আসন থেকেই বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়ী হন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন।

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি দায়িত্ব পেয়েছেন সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ, যেখানে একসময় তার বাবাও দায়িত্ব পালন করেছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement