তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, যে বার্তা দিলেন

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, যে বার্তা দিলেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমেরিকান জনগণের পক্ষ থেকেও নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সফলতা কামনা করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।

আশা করা যাচ্ছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত হবে। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকার হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে চিঠিতে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করা হবে।

চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশের জনগণকে সফল নির্বাচনের জন্য অভিনন্দন, এবং বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।

এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সহ বিশ্বের অনেক নেতাই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের এই অভিনন্দন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানের প্রথম ভাষণে জাতীয় ঐক্য, অর্থনৈতিক পুনরুদ্ধার, দুর্নীতি দমন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি প্রকাশিত হয়।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই উষ্ণ সম্পর্ক বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement