গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে একটি মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা মো. হাবিব। এ দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত অবস্থায় তাকে প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মো. হাবিব গাজীপুর জেলা পুলিশ লাইনে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানিয়েছেন, গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে এসআই হাবিব পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। এই সময় পায়ে হেঁটে জয়দেবপুর রেলক্রসিং পার হওয়ার সময় তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
































