বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন নিয়ে যা বললো ইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন নিয়ে যা বললো ইসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১৪ এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনি এলাকা-১৯০, ঢাকা-১৭-এর প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জন্যও উপনির্বাচন আয়োজন করা হচ্ছে। কারণ, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত রাখা হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন যোগ করলে বিএনপি জোটের আসন সংখ্যা বর্তমানে ২১২।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে এবং প্রথমবারের মতো বিরোধী দলের আসনে অবস্থান করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়ী হয়েছেন এবং ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement