ফুলের তোড়া নয়, গাছের চারা উপহার নিলেন গাজীপুরের নতুন এমপি

ফুলের তোড়া নয়, গাছের চারা উপহার নিলেন গাজীপুরের নতুন এমপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রচলিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে তার বদলে গাছের চারা উপহার নিয়েছেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটি নেওয়া হয় রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে, যার আয়োজন করে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি।

দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চারা উপহার গ্রহণের মাধ্যমে পরিবেশবান্ধব গাজীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে তিনি জানান, রাজনীতির পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি বছর পাঁচ কোটি গাছের চারা রোপণের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই ফুলের পরিবর্তে গাছের চারা উপহার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। এতে বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপহার পাওয়া চারা সংশ্লিষ্ট এলাকায় রোপণের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়, যাতে এই উদ্যোগ বাস্তবভিত্তিক ফলাফল বয়ে আনে এবং এলাকায় সবুজায়ন বৃদ্ধি পায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement