নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক ১৮ বছর বয়সী তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরীপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—লথিরাম সরেণের ছেলে অনুপ সরেণ (২০), ক্ষুদিরামের ছেলে চিরঞ্জন হাসদা (১৯) এবং ঈশ্বর স্বরেণের ছেলে প্রশান্ত স্বরেণ (১৯)। তারা সবাই ভাবিচা গ্রামের জাবরীপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ভাবিচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বাদীর বোনের মেয়ে হিসেবে ভুক্তভোগী তরুণী আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন। পরদিন ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিয়ের বাড়ির ব্যস্ততার সুযোগ নিয়ে তৃতীয় আসামি প্রশান্ত স্বরেণ কৌশলে তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেন।
অভিযোগ অনুযায়ী, পরে তাকে দ্বিতীয় আসামি চিরঞ্জন হাসদার বাবার খলিয়ানে রাখা খড়ের পালার আড়ালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজন মিলে জোরপূর্বক তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে তাদের কবল থেকে ছাড়িয়ে দ্রুত দৌড়ে বিয়ের বাড়িতে ফিরে আসেন এবং স্বজনদের পুরো ঘটনা জানান।
ঘটনার পর নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর–৫)। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে রোববার বেলা ১১টার দিকে তাদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং–৭, নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে এবং তারা যাতে জামিনে মুক্ত হয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য তাদের জেল হাজতে রাখার আবেদন জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।































