শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Published : ১৬:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী, বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মন্ত্রী আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী সচেষ্ট যাতে থার্ড টার্মিনাল দ্রুত চালু করা যায় এবং সে বিষয়ে ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্দিষ্টভাবে কখন চালু হবে তা বলা সম্ভব নয়। এখন বিভিন্ন দিকের আলাপ-আলোচনা ও তদন্ত প্রক্রিয়া চলছে, যাতে দ্রুততম সময়ের মধ্যে টার্মিনাল কার্যক্রমে যুক্ত করা যায়।
তিনি আরও বলেন, থার্ড টার্মিনালের সঙ্গে কিছু সুপারিশ এবং অবকাঠামোগত কাজ সম্পন্ন করতে হয়েছিল। নেটওয়ার্ক সংক্রান্ত কিছু সমস্যা ছিল এবং টার্মিনালের ৯৯ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
তবে পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন কারণে এটি চালু করা সম্ভব হয়নি। এখন প্রধানমন্ত্রী সরাসরি উদ্যোগ নিয়ে তা দ্রুত চালু করার চেষ্টা করছেন।
বিডি/এএন




























