নারায়ণগঞ্জে দিনের আলোয় প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে এবং পেশায় বিকাশ এজেন্ট।
ভুক্তভোগী রনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার সময় লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুইজন ব্যক্তি তার পথরোধ করে। তাদের একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে হুমকি দেয়। এরপর তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে দ্রুত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়ে।
ঘটনার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।































