১২ মার্চ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশ
Published : ১৮:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সংসদের অধিবেশন আহ্বান নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে প্রকাশ করতে হয়।
এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ১২ মার্চ অধিবেশন আহ্বান করবেন— এমনটাই নির্ধারণ হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই অধিবেশনের কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।
রাজধানীর আদাবরে একটি অফিসে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি/এএন




























