সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার জোরালো দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার জোরালো দাবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১০, ৪ মার্চ ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর নির্ধারণের দাবিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা।

বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে তারা সমবেত হয়ে এই কর্মসূচি পালন করেন। এর আগে একই দাবির অংশ হিসেবে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন।

আন্দোলনকারীরা জানান, বহুদিন ধরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত একটি পর্যালোচনা কমিটি ছেলেদের জন্য বয়সসীমা ৩৫ বছর এবং মেয়েদের জন্য ৩৭ বছর নির্ধারণের সুপারিশ করেছিল।

তবে পরবর্তীতে বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষাপটে সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে। তখন থেকেই তাদের মধ্যে হতাশা তৈরি হয় এবং তারা মনে করেন, অন্তর্বর্তী সরকার তাদের সময়ের মূল্য যথাযথভাবে উপলব্ধি করেনি।

চাকরিপ্রার্থীরা আরও বলেন, করোনা মহামারির কারণে টানা প্রায় তিন বছর সরকারি চাকরির কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়–এ প্রায় দুই বছরের সেশনজট তৈরি হয়।

সব মিলিয়ে অনেক শিক্ষার্থীর প্রায় পাঁচ বছর সময় নষ্ট হয়েছে। এই হারানো সময় বিবেচনায় নিয়ে এবং আগের পর্যালোচনা কমিটির সুপারিশ অনুসারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর নির্ধারণের দাবি জানান তারা।

আন্দোলনকারীরা আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বিভিন্নভাবে বঞ্চনার শিকার ছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের এই বঞ্চনার বিষয়টি অনুধাবন করতে পারবেন বলে তারা আশা করছেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছেন উল্লেখ করে তারা বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা উচিত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement