গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কোস্টগার্ড মহাপরিচালক
Published : ১৪:০৭, ৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে সমুদ্র উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এসব কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকালে কোস্টগার্ডের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। তিনি এ উন্নয়নধারা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
প্রধানমন্ত্রী দেশের সামুদ্রিক সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান এবং জাতীয় স্বার্থে কোস্টগার্ডকে দায়িত্ব পালনে দৃঢ় থাকার নির্দেশ দেন।
বিডি/এএন































