গন্তব্য ছিল পরিবার, বাড়ি ফিরলেন নিথর দেহে
Published : ১৭:২৭, ৪ মার্চ ২০২৬
অসুস্থ বাবাকে দেখতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলেন প্রান্ত মণ্ডল নামের এক তরুণ। যাত্রার আগে নিজের মোটরসাইকেলের একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্ট করে লিখেছিলেন, ‘এবার গন্তব্য আমার পরিবার।’ কিন্তু সেই গন্তব্যে আর পৌঁছানো হয়নি তার। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশনসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত প্রান্ত মণ্ডল বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা এবং পুলিন মণ্ডলের ছেলে। তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের খালাতো ভাই তুষার হাজরা জানান, অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিতে কর্মস্থল সেনবাগ ফায়ার স্টেশন থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রান্ত। বাড়িতে তার ফেরার অপেক্ষায় ছিলেন স্ত্রী, এক বছরের শিশু সন্তান মুগ্ধ এবং বৃদ্ধ বাবা-মা। প্রান্ত ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার একটি বড় বোনও রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বরিশালমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অগ্নিনির্বাপক কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিডি/এএন
































