ডিপো পাহারায় সেনাবাহিনী, ফিলিং স্টেশনে পুলিশি টহল
Published : ২০:০৫, ৮ মার্চ ২০২৬
জ্বালানি তেল সরবরাহকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির মধ্যে দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একই সঙ্গে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে পুলিশি টহল আরও জোরদারের অনুরোধও জানানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন তেল ডিপো থেকে ডিলাররা হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না—এমন তথ্য পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিপিসি জানিয়েছে, এর ফলে চট্টগ্রামের পতেঙ্গায় তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের তেল ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
দেশের এসব জ্বালানি তেল ডিপো ‘কেপিআই’ বা গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হওয়ায় জরুরি ভিত্তিতে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেছে বিপিসি। তাই উল্লিখিত ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন বলে সংস্থাটি মনে করছে—চিঠিতে এমনটাই বলা হয়েছে।
অন্য একটি চিঠিতে বিপিসি জানিয়েছে, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় অনেক ভোক্তার মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে।
এর ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। একই সঙ্গে কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে তা অননুমোদিতভাবে মজুত করার চেষ্টাও করছেন বলে জানা গেছে।
বিপিসি আরও জানিয়েছে, এই পরিস্থিতি সামাল দিতে এবং জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে তেল বিক্রির পরিমাণ সীমিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তবে বিভিন্ন ফিলিং স্টেশনে ক্রেতাদের সঙ্গে কর্মচারীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সেসব স্থানে নিরাপত্তা জোরদার করা জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ কারণে দেশের সব ফিলিং স্টেশনে পুলিশি টহল বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিপিসি।
বিডি/এএন





























