খালেদা জিয়ার পক্ষে অদম্য শ্রেষ্ঠ নারী সম্মাননা নিলেন জাইমা রহমান

খালেদা জিয়ার পক্ষে অদম্য শ্রেষ্ঠ নারী সম্মাননা নিলেন জাইমা রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৭, ৮ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি জাইমা রহমানের হাতে এই সম্মাননা পদক তুলে দেন। একই অনুষ্ঠানে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত আরও পাঁচজন শ্রেষ্ঠ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই উদ্যোগকে আরও শক্তিশালী ও সময়োপযোগীভাবে এগিয়ে নিয়ে যান। তিনি আরও বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের এ ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. জুবাইদা রহমান। তিনি বক্তব্যে গণতন্ত্র রক্ষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া নারী উন্নয়ন ও ক্ষমতায়নে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, বর্তমান সরকার সেই পথ অনুসরণ করেই কাজ করে যাবে।

বক্তারা আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। ক্ষমতার বাইরে থাকলেও গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নের প্রশ্নে তার ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য।

পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত নারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement