নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানি মামলা
Published : ১৬:০৬, ৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার এই আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
আবেদনের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে মামলার আবেদন আদালতে দাখিল করা হয়েছে এবং সকাল ১১টার দিকে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন সময়ে তিনি মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনী প্রচারে কথার লড়াইয়ে বেশ সরব ছিলেন এনসিপির এই নেতা।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে তার করা একাধিক মন্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনে জয়লাভ করতে পারেননি তিনি। ওই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মির্জা আব্বাস।
বিডি/এএন




























