ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ সম্পন্ন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ সম্পন্ন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০১, ৮ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘বিশেষজ্ঞ পরিষদ’ এ তথ্য জানিয়েছে।

পরিষদের সদস্য আহমেদ আল আমলহোদা জানান, নতুন নেতা নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে এবং একজনকে নির্বাচিতও করা হয়েছে। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে পরিষদের কিছু সদস্য ইঙ্গিত দিয়েছেন যে, সম্প্রতি নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি এই পদে দায়িত্ব পেতে পারেন।

পরিষদের আরেক সদস্য মোহসেন হায়দেরি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে আরও বলেন, ‘বড় শয়তান’ অর্থাৎ যুক্তরাষ্ট্রও ইতোমধ্যে নির্বাচিত ব্যক্তির নাম উল্লেখ করেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ভূমিকা থাকা উচিত। একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে মোজতাবা খামেনি দুর্বল প্রার্থী হতে পারেন।

তবে ইরানের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাদের অভ্যন্তরীণ এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পার্সিয়ান ভাষায় প্রকাশিত এক পোস্টে সতর্কবার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে।

মোজতাবা খামেনিকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা করা হচ্ছিল। তার বাবা আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইরানে সর্বোচ্চ নেতা পদটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ হিসেবে বিবেচিত। এই পদধারী ব্যক্তি রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের শীর্ষে অবস্থান করেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে চূড়ান্ত কর্তৃত্ব প্রয়োগ করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement