বীজের দোকানে মিলল পেট্রোল, গুণতে হলো মোটা অঙ্কের জরিমানা
Published : ০১:৩৪, ৯ মার্চ ২০২৬
অবৈধভাবে বীজের দোকানে পেট্রোল মজুদ করে রাখার অভিযোগে সুনামগঞ্জে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মোহাম্মদ সোহেল চৌধুরী (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামের মৃত গিয়াস মিয়া চৌধুরীর ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার এবং চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী হিসেবে পরিচিত।
জানা যায়, জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে রোববার বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। অভিযানের সময় সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের আহমদাবাদ-ইচ্ছারচর পয়েন্টে সোহেল চৌধুরীর বীজ ডিলারের দোকানে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় দোকানের ভেতর থেকে ১১ ব্যারেল পেট্রোল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই পেট্রোল জব্দ করে এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে সোহেল চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ১১ ব্যারেল পেট্রোল মজুদ করে রাখার দায়ে ব্যবসায়ী সোহেল চৌধুরীকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি/এএন


































