ভারতের হ্যাটট্রিক শিরোপা

ভারতের হ্যাটট্রিক শিরোপা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৮, ৯ মার্চ ২০২৬

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে একটি নতুন রেকর্ডও গড়েছেন সূর্যকুমার যাদবরা। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল ভারত।

ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে তারা শিরোপা নিশ্চিত করে।

এর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে শিরোপা জিতেছিল। অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া একবার করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। তবে তিনবার শিরোপা জয়ের কীর্তি এবারই প্রথম গড়ল ভারত।

ফাইনালে ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভার শেষ হওয়ার আগেই তাদের তিন ব্যাটার সাজঘরে ফিরে যান। কিছুক্ষণ পর আরও একটি উইকেট হারায় দলটি। আউট হওয়ার আগে ফিন অ্যালেন করেন ৯ রান, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান করেন ৩ রান।

দলের একের পর এক উইকেট পড়লেও ওপেনার টিম সেইফার্ট লড়াই চালিয়ে যান। আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ২৬ বলে ৫২ রান করেন তিনি। দুটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংসটি। এছাড়া ড্যারেল মিচেল আউট হওয়ার আগে করেন ১৭ রান।

এরপর দলনেতা মিচেল স্যান্টনার ছাড়া আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন। এছাড়া জেমস নিশাম ৮, ম্যাট হেনরি শূন্য, লকি ফার্গুসন ২ এবং জ্যাকব ডাফি ১ রান করে আউট হন।

এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনার কিছুটা দেখে-শুনে খেললেও পরে কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। একের পর এক চার-ছক্কায় মাত্র ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলে নেয় ভারত।

এই সময় মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন অভিষেক শর্মা। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ২১ বলে ৫১ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার।

দ্বিতীয় উইকেটে ইশান কিষাণকে সঙ্গে নিয়ে দারুণ একটি জুটি গড়েন সঞ্জু স্যামসন। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন। ফিফটির পর সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন স্যামসন, তবে আগের দুই ম্যাচের মতো এবারও শতকের দেখা পাননি। ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮৯ রান করে আউট হন এই উইকেটকিপার ব্যাটার।

ইশান কিষাণও খেলেন দুর্দান্ত এক ঝড়ো ইনিংস। চারটি চার ও চারটি ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করে তিনি আউট হন। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব খুব একটা সুবিধা করতে পারেননি। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান তিনি। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন।

শেষদিকে ঝড়ো ব্যাটিং করে দলের রান আরও বাড়িয়ে দেন শিভাম দুবে। মাত্র ৮ বলে ২৬ রান করে তিনি অপরাজিত থাকেন। আর তিলক ভার্মা ৬ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।

নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন জেমস নিশাম। তিনি তিনটি উইকেট শিকার করেন। এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement