১৬ মার্চ দেশজুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন

১৬ মার্চ দেশজুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২২, ১০ মার্চ ২০২৬

দেশজুড়ে নদী-নালা, খাল এবং বিভিন্ন জলাশয় খনন ও পুনঃখননের একটি বড় কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, ১৬ মার্চ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু করবেন। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, এটি কেবল একটি উন্নয়নমূলক প্রকল্প নয়; বরং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের একটি বড় রাজনৈতিক অঙ্গীকার হিসেবেও বিবেচিত হচ্ছে।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যাতে এই কর্মসূচিতে যন্ত্রপাতির ব্যবহার সীমিত রাখা হয় এবং অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হয়। এর ফলে গ্রামীণ এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও জানান, এই কর্মসূচিতে শুধু শ্রমিক নয়, স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

অতীতে খাল খনন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের যে অভিযোগ বা সংস্কৃতি ছিল, তা বন্ধে এবার সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তার মতে, জনসম্পৃক্ততা বাড়ানো হলে অনিয়মের সুযোগ অনেকটাই কমে যাবে।

এবার স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে কাজের তদারকি করবেন বলেও জানান তিনি। প্রতিমন্ত্রীর দাবি, সাধারণ মানুষ যখন নিজের চোখের সামনে এই কাজের অগ্রগতি দেখবে এবং তদারকি করবে, তখন দুর্নীতির সুযোগ কার্যত থাকবে না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement