কৃষক ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ
Published : ১৬:৪৩, ১০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে, কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, কৃষক ভাইদের কাছে সরকার পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিল যে, বিএনপি সরকার গঠন করলে যেসব কৃষকের কৃষিঋণ ১০ হাজার টাকার মধ্যে রয়েছে, তা সুদসহ মওকুফ করা হবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী, গত সপ্তাহে সেই ঋণ মওকুফ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। পাশাপাশি তিনি জানান, আগামী মাসের মধ্যে কৃষক কার্ডও কার্যক্রমের আওতায় দেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সামান্য বিলম্ব হতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের চাপ কমাতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রথম ধাপে নির্বাচিত ৩৭,৫৬৭ জন নারী এই কার্ড পাবেন এবং প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সুবিধা ভোগ করবেন। এ সময় তারা অন্য কোনো ভাতা বা সুবিধা পাবেন না। তবে পরিবারের অন্য কোনো সদস্য যদি ইতিমধ্যেই কোনো সুবিধা ভোগ করে থাকেন, তা বহাল থাকবে।
বিডি/এএন
































