জনগণের জন্য দেওয়া অঙ্গীকার অটল থাকবে: প্রধানমন্ত্রী

জনগণের জন্য দেওয়া অঙ্গীকার অটল থাকবে: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৫, ১০ মার্চ ২০২৬

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে কোনো ধরনের পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার অটল রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তির পাশের বনানীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। এজন্য তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। নারীদের আর্থিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতেই ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করা হয়েছে।

তিনি বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। আল্লাহর কাছে তিনি এ উপলক্ষে শুকরিয়া আদায় করেন। ব্যক্তিগতভাবেও দিনটি তার জন্য আবেগঘন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিএনপি ও বর্তমান সরকারের জন্যও দিনটি একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেন। দীর্ঘদিনের পরিকল্পনার ফল হিসেবে আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি জেলার মোট ৩৭ হাজার ৫৬৭ জনকে এই কার্ড দেওয়া হচ্ছে। এর মধ্যে কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকার প্রায় ১৫ হাজার নারীকে আজ ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, আগামী মাসের মধ্যেই দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement