কৃষি সহযোগিতা নিয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক এফএওর
Published : ০১:৫৫, ১০ মার্চ ২০২৬
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান ড. জিয়াওকুন শি সংস্থাটির মহাপরিচালকের পক্ষ থেকে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন এবং তাকে অভিনন্দন জানান।
আলোচনার সময় কৃষিমন্ত্রী দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি এবং কৃষিভিত্তিক অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করতে এফএওর যেকোনো সহযোগিতা সরকার স্বাগত জানাবে।
এ সময় ড. শি তার সংস্থার চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং বাণিজ্যিকভাবে মৎস্য চাষের উন্নয়নে এফএও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
সাক্ষাৎকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদও উপস্থিত ছিলেন।
বিডি/এএন




























