বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা
Published : ২০:৪২, ১০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের ১১তম দিনে বাহরাইনে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এমন একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১০ মার্চ) তেহরান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের ওই নির্দিষ্ট হোটেলটিকে লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে ড্রোন হামলা চালানো হয়। তেহরানের দাবি, হোটেলটি মার্কিন সামরিক কর্মকর্তাদের জন্য একটি অস্থায়ী আবাসন বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
তবে এই আকস্মিক হামলায় হোটেলের ভেতরে অবস্থানরত মার্কিন সেনাদের হতাহত হওয়া বা অবকাঠামোগত কোনো বড় ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা বাহরাইনের রাজধানী মানামার কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই ত্রিদেশীয় সংঘাত ধীরে ধীরে আরও অনিশ্চিত ও জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণার পর তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিডি/এএন
































