নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিলেন জামায়াত আমির
Published : ১৬:১১, ১০ মার্চ ২০২৬
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সমপর্যায়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মতে, এই পদায়নের মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্রনীতিসমূহ সরকারে উপস্থাপন ও পর্যালোচনা করা সম্ভব হবে এবং দেশের আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা যাবে।
শফিকুর রহমানের দপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দক্ষ এবং পেশাদার নেটওয়ার্কের অধিকারী।
চিঠিতে আরও বলা হয়েছে, অধ্যাপক মাহমুদুল হাসান জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে সক্ষম হয়েছেন।
বিরোধীদলীয় নেতা তার চিঠিতে তার পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নকে নতুন এবং অভিনব উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, এই পদায়নের মাধ্যমে জাতীয় সংসদে বিরোধী দলের পররাষ্ট্রনীতিসমূহ সরকারে উপস্থাপন ও পর্যালোচনা করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
শফিকুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর কাছে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি একসঙ্গে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই পদায়ন সরকারের বিবেচনার জন্য সুপারিশ করা হলো।
বিডি/এএন
































