লেবানন সীমান্তে হামলা, জখম ইসরায়েলি মন্ত্রীর ছেলে
Published : ১৭:০৭, ১০ মার্চ ২০২৬
ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে তুমুল সংঘর্ষের মধ্যে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। লেবানন সীমান্তসংলগ্ন এলাকায় শুক্রবার (৬ মার্চ) এই হামলা চালানো হয়।
এতে অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর আল জাজিরা।
রোয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী (জায়নিস্ট) নেতা বেজালেল স্মতরিচের ছেলেও ছিলেন। হামলায় তার ছেলের লিভার বা যকৃৎ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। তবে স্মতরিচ জানিয়েছেন, গুরুতর আঘাত পেলেও তার ছেলে এখনো জীবিত আছেন। গত ৬ মার্চ এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মতরিচ নিজেই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, লেবানন সীমান্তের কাছে হামলার সময় তার ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়ে যায়। একই পোস্টে তিনি উল্লেখ করেন, গত শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। আহতদের মধ্যে তার প্রিয় ছেলে বেনিয়া হেবরনও রয়েছে বলে জানান তিনি।
ইসরায়েলের এই কট্টর ডানপন্থী মন্ত্রী আরও বলেন, বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধাতব টুকরা বা শার্পনেল বেনিয়া হেবরনের পিঠ ও পেটে ঢুকে যায়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্মতরিচ বলেন, ঈশ্বরের কৃপায় শার্পনেলের টুকরাটি ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে যায়। তার মতে, যদি সেটি ওই গুরুত্বপূর্ণ রক্তনালিটিকে ক্ষতিগ্রস্ত করত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত।
বিডি/এএন
































