তেল বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ী জরিমানা
Published : ১৫:৫৬, ১০ মার্চ ২০২৬
দিনাজপুরের হিলি এলাকায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে হিলি বাজার ও হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর মীর মোহাম্মদ সাইফ আলী।
অভিযানে ওজনে কম দেওয়ার অপরাধে হিলি বাজারের ফজলু ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে আরও একজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও অশোক বিক্রম চাকমা জানান, দেশে তেলের সংকটকে কেন্দ্র করে অনেকেই লাইসেন্স ছাড়া তেল বিক্রি করছেন। পাশাপাশি কিছু ক্ষেত্রে ওজনে কম দেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/এএন


































