জনগণের সেবাই আমাদের দায়িত্ব: জহির উদ্দিন স্বপন
Published : ১৫:১৬, ১৫ মার্চ ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা মূলত জনগণের সেবক।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রশিদ গ্রুপের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই বার্তা দেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতার পরিচয়। তিনি সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং তাদের জীবনে কিছুটা আনন্দ যোগ করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর জন্য প্রতি বছরই এ ধরনের কার্যক্রম নেওয়া হয় এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, বিএনপির গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা।
এ দিন প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা সামাজিক সহানুভূতি ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।
বিডি/এএন




























