সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আপাতত হচ্ছে না

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আপাতত হচ্ছে না ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩২, ১৪ মার্চ ২০২৬

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এর ফলে তার কারামুক্তির প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেছে।

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মাদরাসাছাত্র মো. আরিফ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আগামী ৩০ মার্চ আসামির উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করেছেন।

শনিবার (১৪ মার্চ) সিএমএম আদালতে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মহিন উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় করা পাঁচটি মামলায় এ বি এম খায়রুল হক জামিন পান। এর মধ্যে ৮ মার্চ চারটি মামলায় এবং ১১ মার্চ একটি মামলায় হাইকোর্ট থেকে তার জামিন মঞ্জুর করা হয়।

এসব মামলার মধ্যে একটি করা হয় জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে এক যুবদল কর্মী হত্যার অভিযোগে। বাকি মামলাগুলো দায়ের করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায়ে জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই সকাল নয়টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার সড়কে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে মাদরাসাছাত্র আরিফ নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট নিহত আরিফের বাবা মো. ইউসুফ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সেদিন রাতেই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর একই বছরের ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া এবং জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা আরেকটি মামলায় তাকে ভার্চ্যুয়ালভাবে গ্রেপ্তার দেখানো হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement