আসছে ককটেল টু, পারিশ্রমিকে শীর্ষে শাহিদ

আসছে ককটেল টু, পারিশ্রমিকে শীর্ষে শাহিদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৭, ১৫ মার্চ ২০২৬

বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যাননকে।

তবে সিনেমাটিকে ঘিরে আগ্রহের পাশাপাশি ভক্তদের মনে আরেকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—এই তিন তারকার মধ্যে কে কত পারিশ্রমিক নিয়েছেন।

বলিউড-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ছবিটিতে অভিনয়ের জন্য দুই নায়িকার তুলনায় অনেক বেশি পারিশ্রমিক নিয়েছেন শাহিদ কাপুর। জানা গেছে, এই সিনেমার জন্য তিনি পেয়েছেন প্রায় ৩৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি টাকার সমান। মূলত ‘কবীর সিং’ সিনেমার বিপুল সাফল্যের পর থেকেই শাহিদ কাপুর তার পারিশ্রমিকের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন বলে জানা যায়।

অন্যদিকে, ছবির দুই অভিনেত্রী কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানার পারিশ্রমিক প্রায় সমপর্যায়ের। সূত্র বলছে, এই সিনেমায় কাজ করার জন্য তারা প্রত্যেকেই প্রায় ১৫ কোটি রুপি করে নিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ২১ কোটি টাকার কাছাকাছি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর কৃতি শ্যাননের পারিশ্রমিক যেমন বেড়েছে, তেমনি ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর রাশমিকা মান্দানাও এখন বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করছেন। যদিও পারিশ্রমিকের দিক থেকে শাহিদের সঙ্গে তাদের ব্যবধান বেশ বড়, তবুও সিনেমার গল্পে তিনজন তারকারই সমান গুরুত্ব থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বলিউডে নায়ক ও নায়িকাদের পারিশ্রমিকের পার্থক্য নিয়ে বহুদিন ধরেই আলোচনা ও বিতর্ক চলছে। অতীতে এমন নজিরও রয়েছে, যেখানে মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীরা বড় নায়কদের তুলনায় বেশি পারিশ্রমিক পেয়েছেন।

তবে বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই নায়করাই পারিশ্রমিকের দৌড়ে এগিয়ে থাকেন। ‘ককটেল টু’ সিনেমার ক্ষেত্রেও সেই চিত্রই আবার সামনে এসেছে। এখানে শাহিদ কাপুর একাই পেয়েছেন ৩৫ কোটি রুপি, আর দুই নায়িকা কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা মিলিয়ে পেয়েছেন মোট প্রায় ৩০ কোটি রুপি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement