ডিএমপি কমিশনারের নির্দেশ, ঈদে কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট বাধ্যতামূলক
Published : ১৪:০৫, ১৪ মার্চ ২০২৬
ঈদের সময় গণপরিবহন ও ভাড়ার নিয়ন্ত্রণ কঠোরভাবে নিশ্চিত করতে রাজধানীর সড়ক ও বাস চলাচলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানিয়েছেন, ঈদ চলাকালীন সময়ে কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে এবং কোনো লক্কর-ঝক্কর বাস রাস্তায় অবৈধভাবে নামবে না, সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, এবার ঈদে টার্মিনালসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াট এবং ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে ট্রাক ও লরির চলাচল এই সময় বন্ধ রাখা হবে। কোন অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।
সভায় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএ-র ভাড়া চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি নিলে সেই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
এদিকে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে সমন্বয় কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে বাস মালিক-শ্রমিকসহ সকল পক্ষ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল।
বিডি/এএন

































