ঢাকায় এলো এয়ার অ্যাম্বুলেন্স, দুপুরে সিঙ্গাপুরে যাচ্ছেন মির্জা আব্বাস
Published : ১২:৪৮, ১৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তার চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে পাঠানো হবে।
রোববার (১৫ মার্চ) সকালে মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করেছে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দুপুর ১২টার দিকে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
জানা গেছে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সময় মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাসও থাকবেন।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গত শুক্রবার (১৩ মার্চ) তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, ওই পরীক্ষার প্রতিবেদন আশাব্যঞ্জক এসেছে।
এর আগে গত ১২ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে কিছু জটিলতা ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে অপারেশনের পরবর্তী গুরুত্বপূর্ণ সময় হিসেবে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিতভাবে বিএনপির এই প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেন।
বিডি/এএন


































