কারা থাকছেন নোয়াবের নতুন নেতৃত্বে?
Published : ০২:২২, ১৫ মার্চ ২০২৬
নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সংগঠনটির সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে নোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নিউএজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো-এর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব-এর সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া-এর সম্পাদক মোজাম্মেল হক, আজাদী-এর সম্পাদক এমএ মালেক, পূর্বকোণ-এর সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।
নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর নোয়াবের কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংবাদপত্র শিল্পের উন্নয়ন এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে।
বিডি/এএন






























