কবে ফিরবেন দেশে, জানালেন সাকিব
Published : ১২:২১, ১৫ মার্চ ২০২৬
চলমান পাকিস্তান সিরিজ ঘিরে আলোচনা ছিল যে সাকিব আল হাসান দেশে ফিরে খেলতে পারেন। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।
এবার দেশে ফেরা নিয়ে নিজেই মুখ খুলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি জানিয়েছেন, তার আইনি জটিলতার বিষয়গুলো মিটে গেলেই খুব দ্রুত দেশে ফিরবেন।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। সেখানে তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফেরার বিষয়ে তিনি আশাবাদী।
সাকিব বলেন, তিনি আশা করছেন দেশে ফিরতে পারবেন। তবে বর্তমানে বেশ কিছু বিষয় আইনি জটিলতার মধ্যে আটকে রয়েছে এবং সেগুলো সমাধানের চেষ্টা চলছে। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে এখন পর্যন্ত আন্তরিক রয়েছে। যদি তাদের প্রচেষ্টা আরও জোরালো হয়, তাহলে হয়তো সমস্যাগুলো আরও দ্রুত সমাধান করা সম্ভব হতে পারে।
তিনি আরও বলেন, যেহেতু বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাই এ ধরনের পরিস্থিতি তার জন্য নতুন অভিজ্ঞতা। আগে এমন অবস্থার মুখোমুখি না হওয়ায় এসব সমস্যা সমাধানে ঠিক কত সময় লাগতে পারে, সেটিও তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। তাই আপাতত তিনি অপেক্ষা করছেন আইনি জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য।
সাকিবের ভাষায়, আইনি বিষয়গুলো মিটে গেলেই যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন তিনি। এমনকি যেদিন সমস্যার সমাধান হবে, আল্লাহ চাইলে তার পরের দিনই দেশে ফেরার চেষ্টা করবেন।
পডকাস্টের ওই আলোচনায় পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েও কথা বলেন সাকিব আল হাসান। তিনি জানান, এর আগে সিপিএলে খেলতে গিয়ে উসমান তারিকের বিপক্ষে ব্যাটিং করার অভিজ্ঞতা হয়েছে তার।
সাকিবের মতে, তারিকের বোলিং অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয় এবং শুরুতে বেশ কঠিন মনে হয়। তবে খেলতে খেলতে ধীরে ধীরে সেটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, যারা প্রথমবার এমন ধরনের বোলারের মুখোমুখি হয়, তাদের জন্য বিষয়টি সাধারণত আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ক্রিকেটে মাঝেমধ্যেই এমন কিছু ব্যতিক্রমী বা রহস্যময় বোলারের আবির্ভাব ঘটে।
উদাহরণ হিসেবে তিনি অজন্তা মেন্ডিস ও মুথাইয়া মুরালিধরনের নাম উল্লেখ করে বলেন, ক্রিকেট ইতিহাসে এর আগেও এমন অনেক রহস্যময় বোলার দেখা গেছে, যারা ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
বিডি/এএন


































