সোমবার স্বাভাবিক হবে জ্বালানি তেলের সরবরাহ: আশা পাম্প মালিকদের
Published : ১৯:৩২, ১৫ মার্চ ২০২৬
পেট্রোল পাম্প মালিকরা আশা করছেন, সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যেই সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে দেশের অনেক ফিলিং স্টেশনে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সোমবার সন্ধ্যার পর আর কোনো ধরনের সংকট থাকবে না বলে তারা জানিয়েছেন।
রোববার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আশা করা যাচ্ছে আগামীকাল সন্ধ্যার মধ্যে জ্বালানি তেলের কোনো ঘাটতি থাকবে না। ইতোমধ্যে বিভিন্ন পাম্পে তেল পৌঁছানো শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
গত কয়েকদিন ধরে সারা দেশে অনেক যানবাহন চালক প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করলেও তাতে সব জায়গায় গ্রাহকদের চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হচ্ছিল না।
এদিকে সামনে পবিত্র ঈদুল ফিতর এবং ঘরমুখো মানুষের যাতায়াত বাড়বে—এই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার পেট্রোল, অকটেন ও ডিজেলের ওপর আরোপিত রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত তেলের একাধিক ট্যাঙ্কার পৌঁছানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রায় নয় দিন পর রোববার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, আজ থেকে সারা দেশে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে চালু থাকা রেশনিং পদ্ধতি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে সব ধরনের যানবাহনের চালকরা কোনো নির্দিষ্ট সীমা ছাড়াই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কিনতে পারবেন। সকাল থেকেই দেশের সব পাম্পে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা দেখা দেয়। সম্ভাব্য সংকটের আশঙ্কায় গত ৬ মার্চ থেকে সারা দেশে যানবাহনের জ্বালানি বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করেছিল সরকার। তবে বর্তমানে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেই রেশনিং ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি/এএন






























