ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান
Published : ২০:১৬, ১৫ মার্চ ২০২৬
সাভারের আশুলিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া মো. ইমরান ওরফে বিপি ইমরান সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। মামলায় তার সঙ্গে জুনায়েত ও সোমাইয়া নামে আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানের সঙ্গে তার পরিচয় ছিল এবং তিনি তাকে দিয়ে টিকটকের ভিডিও তৈরি করাতেন। কিন্তু হঠাৎ করে ওই নারী টিকটক করা বন্ধ করতে চাইলে ১২ মার্চ দুপুরে তাকে একা পেয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ইমরান ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ইমরান অন্য দুই আসামিকে ডেকে এনে তাদের সহায়তায় ওই নারীকে মারধর করেন। পরে ভুক্তভোগী নারী শনিবার (১৪ মার্চ) আশুলিয়া থানায় গিয়ে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পরে তাকে তিন দিনের রিমান্ড আবেদনসহ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিডি/এএন


































