চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ভর্তি মির্জা আব্বাস
Published : ২০:০০, ১৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি প্রায় সাড়ে তিন ঘণ্টা আকাশপথে যাত্রা করে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই দ্রুত অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তার কথা হয়েছে এবং তারা জানিয়েছেন যে মির্জা আব্বাসকে হাসপাতালের নিউরো বিভাগে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা ইতোমধ্যে তাকে পরীক্ষা করেছেন এবং দীর্ঘ আকাশযাত্রায় তার কোনো সমস্যা হয়নি। বর্তমানে তিনি নিরাপদে আছেন।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা ওই অস্ত্রোপচার শেষে রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
বিডি/এএন

































