তেল সংকট ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
Published : ২০:১৩, ২৮ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে এবং চোরাচালানের অভিযোগ উঠেছে—এমন পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকারও নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও দেশে তা নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে।
তবে কিছু অসাধু গোষ্ঠী কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং সীমান্তপথে তেল পাচারের ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযানসহ কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল আসার পথে রয়েছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে যাতে কেউ অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং কোথাও তেলের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়। এ বিষয়ে আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাস ও ট্রেন দুর্ঘটনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।
চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে ব্রিফ করতে, যাতে তারা নিজেদের এলাকায় কার্যকর পদক্ষেপ নিতে পারেন। ভবিষ্যতে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং আয়োজন করা হবে বলেও তিনি জানান।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আশা করা হচ্ছে আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সংরক্ষিত নারী আসনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিডি/এএন






























