১ এপ্রিল থেকে জ্বালানি রপ্তানি বন্ধের ঘোষণা রাশিয়ার

১ এপ্রিল থেকে জ্বালানি রপ্তানি বন্ধের ঘোষণা রাশিয়ার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১০, ২৮ মার্চ ২০২৬

দেশীয় বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার (২৭ মার্চ) এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, জ্বালানি মন্ত্রণালয়, ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস, সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত পেট্রোল রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বৈঠকে নোভাক বলেন, বৈশ্বিক বাজারে নানা অস্থিরতা থাকলেও বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও শক্ত অবস্থানে রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাসের মতোই তেল শোধনের পরিমাণ বর্তমানে স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে এবং রিফাইনারিগুলোও উচ্চ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে তেল পরিবহনের খরচ বেড়ে গেছে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা এবং এর প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement