হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর বেঁচে নেই

হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর বেঁচে নেই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০১, ২৮ মার্চ ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান বলে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক ‘আমার দেশ’কে নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আগামীকাল সন্ধ্যায় মরহুমার মরদেহ দেশে আনা হবে।

আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

উল্লেখ্য, দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement