ছুটি শেষে ঢাকামুখী ঢল, কমলাপুরে উপচেপড়া ভিড়

ছুটি শেষে ঢাকামুখী ঢল, কমলাপুরে উপচেপড়া ভিড় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩২, ২৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি এবং স্বাধীনতা দিবসের বিরতি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা।

আগামীকাল রোববার থেকে পুরোদমে অফিস-আদালত চালু হতে যাচ্ছে। এ কারণে শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের উপচেপড়া চাপ।

এবারের ঈদে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং তার পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই বাড়তি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ছুটির সেই সময়সীমা শেষ হওয়ায় শেষ মুহূর্তে স্টেশনে যাত্রীদের চাপ চরমে পৌঁছায়। অনেক ট্রেনের ভেতর পুরোপুরি ভর্তি থাকার পাশাপাশি ঝুঁকি নিয়ে ছাদে চড়েও অনেককে ঢাকায় ফিরতে দেখা গেছে।

কমলাপুর স্টেশনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’-এর যাত্রী সাকিবুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আরামদায়ক ও নিরাপদ যাত্রার কথা ভেবে ট্রেন বেছে নিলেও অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবে নির্ধারিত সময়ে ট্রেন পৌঁছানোয় তিনি সন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে, এসি কামরার যাত্রীদের মধ্যেও কিছু অসন্তোষ লক্ষ্য করা গেছে। সুমি আক্তার নামে এক যাত্রী অভিযোগ করেন, এসি টিকিট থাকা সত্ত্বেও দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীরা কামরায় ঢুকে পড়ায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, “আসনবিহীন যাত্রীরা এসি কামরায় প্রবেশ করায় মালামাল নিয়ে ঝুঁকিতে থাকতে হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি দরকার।”

ঈদের আগে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে উত্তরবঙ্গগামী যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছিলেন। তবে ফিরতি যাত্রায় ট্রেনগুলো নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছাচ্ছে। নওগাঁ থেকে আসা যাত্রী ইমন মিয়া জানান, শুরুতে নিজের আসনে বসতে কিছুটা সমস্যা হলেও শেষ পর্যন্ত ট্রেন সময়মতো স্টেশনে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদ জানান, আসনবিহীন টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠে ঢাকায় ফিরতে হয়েছে। তবে রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়বদ্ধতা থেকে স্টেশনে নেমে টিকিট কেটে নেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আজ সারাদিনে কয়েক ডজন ট্রেন দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। বিকেল ও রাতের দিকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামীকাল রোববার সকাল থেকে সচিবালয়সহ সরকারি-বেসরকারি সব অফিস এবং ব্যাংক-বীমা প্রতিষ্ঠান পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করবে। পাশাপাশি চলতি সপ্তাহেই খুলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে আজ রাত থেকেই ঢাকা ধীরে ধীরে তার স্বাভাবিক ব্যস্ত ও জনাকীর্ণ চেহারায় ফিরে আসছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement