বগুড়ায় তিন ট্রাক ও এক যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

বগুড়ায় তিন ট্রাক ও এক যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৩৬, ২৮ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মহাসড়কে একটি খালি ট্রাক (বগুড়া ট-১১-০৭০০) ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতিতে ঢাকাগামী আলুবোঝাই রিজভী পরিবহনের একটি ট্রাক সেখানে এসে পড়ে। দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করা হলেও পেছন থেকে আসা সবুরা পরিবহনের আরেকটি ট্রাক সেটিকে জোরে ধাক্কা দেয়। এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এসময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দিলে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের একপাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী ও চালক দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তিনি দেখেন একের পর এক যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলেন। পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়কে আটকে থাকা যানবাহন সরানোর কাজ চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement