‘শত্রু’ দেশগুলোতে খেলবে না ইরানি দল
Published : ২০:৫৩, ২৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে আয়োজিত আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশটি শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচিত রাষ্ট্রগুলোতে কোনো ধরনের ক্রীড়া ইভেন্টে দল পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি আরবে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবের ম্যাচ শুরুর আগে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা ও সংঘাত শুরু হয়েছে, তার প্রায় এক মাস পর এ ঘোষণা আসে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ ইরানের প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব পোষণ করে এবং ইরানি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সেসব দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় দল কিংবা ক্লাব দল অংশ নেবে না।
মূলত এশিয়ান চ্যাম্পিয়নস লিগে সৌদি আরবের মাঠে সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবের বিপক্ষে ইরানের ক্লাব ট্রাক্টর এফসির ম্যাচকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্লাবগুলোকে এ বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) অবহিত করতে হবে, যাতে প্রয়োজনে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া যায়।
এদিকে আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে ইরানের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া ইরানের ম্যাচগুলো সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা রয়েছে। ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।
এই প্রেক্ষাপটে বিশ্বকাপ ঘিরে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে ইরান। মেক্সিকো সিটিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত ইরানের তিনটি ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য তারা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে নিরাপত্তা ইস্যু তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
তবে ইরানের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপের কোনো ম্যাচই নির্ধারিত ভেন্যু থেকে সরানো হবে না এবং পুরো টুর্নামেন্ট পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ফিফার এই কঠোর অবস্থানের ফলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
বিডি/এএন
































