কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান
Published : ১০:৪৩, ৩ নভেম্বর ২০২৬
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে স্বাগত জানাতে কারাফটকে উপস্থিত হন দলটির কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতের ওই আদেশের পর মঙ্গলবার কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।
মামলার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় আসা বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে দেরি হওয়ায় কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে উপস্থিত হন। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং মারধরের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় বিমানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন আখতারুজ্জামান। তবে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এর আগে ২০২২ সালে বিএনপি তাকে পঞ্চমবারের মতো দল থেকে বহিষ্কার করেছিল।





























