বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিরোধী দলের নীরবতা নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন
Published : ১০:৫০, ৩ নভেম্বর ২০২৬
রাজধানীর মাতুয়াইল মেডিক্যাল কলেজের সামনে মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং চলমান শ্রমিক আন্দোলনকে পুঁজি করে সহিংসতা ছড়ানোর অভিযোগ তুলে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও বিরোধী দল নীরব ভূমিকা পালন করছে।
তাঁর মতে, এমন পরিস্থিতিতে বিরোধী দলের নীরবতা নৈরাজ্য সৃষ্টিতে তাদের মৌন সমর্থনের ইঙ্গিত দিতে পারে।
তিনি লেখেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে বিরোধী দলকেও এর চরম মূল্য দিতে হতে পারে।
রাশেদ খাঁন আরও বলেন, বিরোধী দল যদি দেশের মঙ্গল চায়, তাহলে রাজপথে নেমে এসব কর্মকাণ্ড প্রতিহত করা উচিত। তাঁর ভাষ্য, এতে বোঝা যাবে বিরোধী দল সত্যিই গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায় কি না।
এ ছাড়া পতিত স্বৈরাচারী গোষ্ঠীর সঙ্গে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো আপস-মীমাংসা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।


































