আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Published : ১৬:০০, ৩ নভেম্বর ২০২৬
বরগুনার আমতলীতে একটি বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের জামাতা পালিয়ে গেছেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার পূর্ব চুনাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পূর্ব চুনাখালী গ্রামের বাসিন্দা মো. সেলিম প্যাদার বসতঘর ও রান্নাঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে সেলিম প্যাদা (৫৫) ও তাঁর স্ত্রী কহিনুরকে (৪০) গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের জামাতা মো. সবুজ মৃধা (৩২) পালিয়ে যান।
গ্রেপ্তার সেলিম প্যাদা ওই গ্রামের মৃত হাশেম প্যাদার ছেলে।
পুলিশ জানায়, ইয়াবা প্যাকেটজাত ও পরিবহনে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ, পলিথিন, কসটেপসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার দুজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, সবুজ মৃধা দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে তাঁর শ্বশুর-শাশুড়ির বাড়িতে মজুত রাখতেন। পরে অটোরিকশাযোগে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে এসব ইয়াবা বিক্রি করতেন বলে তথ্য পাওয়া গেছে।
































