এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৫:৩৩, ৩ নভেম্বর ২০২৬

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) এভারেস্ট বেস ক্যাম্পের ঠিক নিচে অবতরণের চেষ্টা করার সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার হিসাবে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি মাটিতে আছড়ে পড়ে। এ সময় আশপাশে থাকা এক ডজনের বেশি মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি ৪৭ বছর বয়সী একজন ভারতীয় নাগরিক। আহত দুজনের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক এবং অন্যজন নেপালি পাইলট। তবে হেলিকপ্টার দুটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনো জানা যায়নি।

এভারেস্টের কাছাকাছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ২০০ মিটার বা ১৩ হাজার ৭৮০ ফুট উচ্চতায় অবস্থিত ফেরিচে গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

সড়ক যোগাযোগ না থাকায় এভারেস্ট অঞ্চলে যাতায়াত অত্যন্ত কঠিন। অসুস্থতা কিংবা ক্লান্তির কারণে অভিযান শেষ করতে না পারা পর্বতারোহী ও গাইডদের উদ্ধারে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। এ অঞ্চলে তাপমাত্রা সাধারণত হিমাঙ্কের নিচে থাকে।

এর আগে গত সপ্তাহে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার পথে একটি হোটেলে আগুন লাগে। ভারী তুষারপাতের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হলেও ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুনঃ
Advertisement