কুমিল্লা-৪ মনোনয়ন বাতিলের পর মঞ্জুরুল বিএনপি থেকে বহিষ্কার

কুমিল্লা-৪ মনোনয়ন বাতিলের পর মঞ্জুরুল বিএনপি থেকে বহিষ্কার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি তাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় নীতি, আদর্শ ও সংগঠনের বিরুদ্ধে বক্তব্য ও কার্যকলাপের কারণে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে।

আজ মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি সামনে আসে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর, যেখানে তাকে শোনা যায় বিএনপি ক্ষমতায় এলে ভোটারদের ভিন্নমত প্রকাশের জন্য বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করতে।

মুন্সী দাবি করেছেন, ভাইরাল ভিডিওটি বিকৃতভাবে কেটে প্রকাশ করা হয়েছে। তিনি তার পূর্ণাঙ্গ বক্তব্য নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, “আমার সাম্প্রতিক একটি বক্তব্যের আংশিক অংশ কেটে শট ক্লিপ তৈরি করে সামাজিক মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

এই বক্তব্য আমি আমার নিজ এলাকায়, আমার নিকট আত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলাম। সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল আমাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

বিএনপি বলেছে, দলের নীতি ও আদর্শ রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দলীয় শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখাই তাদের উদ্দেশ্য।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement