যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চুক্তি সই, পাওয়া যাবে যে নতুন সুবিধা

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চুক্তি সই, পাওয়া যাবে যে নতুন সুবিধা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দেশটির রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাক্ষর করেছেন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার (৯ জানুয়ারি) রাত ১০টায় বাংলাদেশ সময়।

চুক্তির মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত পাল্টা শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে এসেছে। বিশেষভাবে পোশাক খাতের রপ্তানিকারকরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।

পূর্বের নিয়ম অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ। পাল্টা শুল্ক প্রবর্তনের প্রভাবে মোট শুল্কের পরিমাণ ৩৪ শতাংশে পৌঁছাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে চুক্তির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো—যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও ফাইবার ব্যবহার করে তৈরি পোশাক আমেরিকায় রপ্তানি করলে আর কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না। অর্থাৎ, এই ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেতে পারে।

চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্য মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে আগামীকাল বেলা আড়াইটায় চুক্তির সব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য এবং আমদানি করে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য।

নতুন এ চুক্তি বাংলাদেশের রপ্তানি খাতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement