সৈয়দপুর বিমানবন্দরে বিপুল অর্থসহ জামায়াত আমির আটক
Published : ১৩:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দরের নিয়মিত তল্লাশির সময় তার লাগেজ থেকে সন্দেহজনকভাবে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার। তিনি জানান, উদ্ধারকৃত টাকার সঠিক পরিমাণ নির্ধারণে বর্তমানে মেশিনের মাধ্যমে গণনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায় এবং তিনি পেশায় একজন শিক্ষক। একই সঙ্গে তিনি দাবি করেন, তার সঙ্গে গার্মেন্টস ব্যবসার সম্পৃক্ততা রয়েছে। লাগেজে থাকা টাকার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখ টাকারও বেশি রয়েছে।
টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসায়িক লেনদেনের টাকা। তবে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।
বিডি/এএন



























